রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে এক ব্যবসায়ীকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম জশীতা ইসলাম এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি গণমাধ্যমে জানান, মোস্তফা জালাল মহিউদ্দিনকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে দিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।





