মোবাইল ফোনে পরিচয় অতঃপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে চট্টগ্রামে গিয়ে কিশোরগঞ্জের এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত দুইটার দিকে হানিফকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গাজী মো. হানিফ (৫২) বরগুনা জেলার পাথরঘাটা ছোনবুনিয়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। বরগুনার পাথরঘাটা উপজেলায় তার বাড়ি হলেও চাকরির সুবাদে থাকেন বন্দরনগরীর মধ্যম গোসাইলডাঙ্গা।
বন্দর থানর ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, দুইমাস আগে হানিফের সঙ্গে কিশোরগঞ্জের ওই তরুণীর পরিচয় হয়। গত বুধবার ওই তরুণী কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামে যান। হানিফ তাকে নিজের বাসায় নিয়ে রাখেন এবং রাতে তাকে ধর্ষণ করেন। বৃহস্পতিবার তরুণীকে বাসায় রেখে হানিফ বের হলে সে (তরুণী) প্রতিবেশীদের কাছে বিষয়টি জানায়। পরে পুলিশ গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে।
ওসি বলেন, এ ঘটনায় ভিকটিম মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে চালান করা হয়েছে।





