মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর অকটেন নিয়ে প্রথম জাহাজ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশের পতাকাবাহী ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি ভিটল এই চালান সরবরাহ করেছে। জাহাজ থেকে অকটেন খালাস ও সরবরাহের দায়িত্বে রয়েছে সরকারি তেল কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
অকটেন মূলত মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের জ্বালানি। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন ফিলিং স্টেশনে এই তেলের সংকট দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চাহিদামতো অকটেন পাচ্ছেন না গ্রাহকরা। বিপিসির তথ্য অনুযায়ী, দেশে গত অর্থবছরে অকটেনের চাহিদা ছিল ৪ লাখ ১৫ হাজার টন। যার অর্ধেক দেশে উৎপাদন হলেও বাকি অর্ধেক আমদানি করা লাগে।





