জামালপুরের মেলান্দহে শ্রেণিকক্ষে অশালীন মন্তব্য ও অশোভন আচরণ ও যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৬ আগস্ট) দুপুরে ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা
এর আগে গত ( ৩১ জুলাই) ওই শিক্ষকের অপসারণ চেয়ে প্রধাক শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেয় শিক্ষার্থীরা।
জানা যায়, ওই শিক্ষক এর আগেও নানান অপর্কমের দায়ে সাময়িক বহিষ্কার হয়। পরে আর কখনো এমন কর্মকান্ড করবেন না মর্তে মুচলেকার মাধ্যমে তাকে প্রাথমিক ক্ষমা করে ক্লাসে ফেরার অনুমতি দেওয়া হয়ে। এরপর ৩১জুলাই তার বিরুদ্ধে আবারও লিখি অভিযোগ দেয় শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের অভিযোগ, আইসিটি বিষয়ক শিক্ষক তৌহিদুল ইসলাম লুলু পাঠদানের সময় বারবার অশ্লীল ভাষা ব্যবহার করেন, অনভিপ্রেত উদাহরণ দেন এবং ছাত্রীদের দিকে কুদৃষ্টিতে তাকান।
প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, শিক্ষক লুলু ক্লাসে এসে অশ্লীল মন্তব্য করেন ও অনৈতিক আচরণ করেন। এতে তারা তার ক্লাসে অংশ নিতে অনিচ্ছুক বলে জানায়।
শিক্ষার্থীরা জানায়, অভিযোগ দেওয়ার পর ওই শিক্ষক কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে অভিভাবকদের মাধ্যমে চাপ সৃষ্টি করেন এবং বিভিন্ন ধরণের মন্তব্য করেন।
দশম শ্রেণির শিক্ষার্থী মেঘলা অভিযোগ করে বলে, “আমরা স্কুলে পড়াশোনা করতে আসি, কিন্তু লুলু স্যার ক্লাসের নামে অশ্লীল গল্প করেন। আজকেও তিনি হুমকি দিয়ে বলেছেন, এসব করলে দেখে নেব।”
অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানায়, “স্যার একবার ক্লাসে বলেন, তিনি ঘুরতে গিয়ে এক মেয়ের শাড়ি খুলে যেতে দেখেছেন এবং সেটা তার কাছে ভালো লেগেছে। তিনি সবসময় কুদৃষ্টিতে তাকান।”
শিক্ষার্থীরা আরও অভিযোগ করে, এর আগেও তৌহিদুল ইসলাম লুলুর অনুরূপ আচরণ নিয়ে বিতর্ক হয়েছিল এবং সে ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
তবে অভিযোগ অস্বীকার করে তৌহিদুল ইসলাম লুলু বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি বলে কিছু শিক্ষক শিক্ষার্থীদের প্ররোচিত করে এসব করাচ্ছে।”
হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনারা বেগম বলেন, “অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ম্যানেজিং কমিটিকে জানানো হয়েছে। কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”





