‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ (২০-২৬ অক্টোবর) উপলক্ষে ইয়ুথনেট গ্লোবাল এবং পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে জামালপুরে মেলান্দহে (২০ অক্টোবর) জনসচেতনতামূলক র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। যা অনুষ্ঠিত হয় ইউনিসেফ-এর সহায়তায়।
এ উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মেলান্দহ থানা মোড় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসময় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং জামালপুর এর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যরা অংশগ্রহণ করে।
এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ইমরান আহমেদ, রাসেল হোসাইন, আরজু আক্তার আঁখি, কাওসার আহমেদ, বিজয় হাসান, মোঃ মুক্তাদির, জিহাদ হাসান, কামরুল হাসান, সানাউল্লাহ,আম্বিয়া খাতুন প্রমুখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে, সিসা দূষণ প্রতিরোধে পাঁচটি মূল দাবি উত্থাপন করেন। সেগুলো হলো-
১. ভোগ্যপণ্য ও নিত্য ব্যবহৃত পণ্যে (যেমন অ্যালুমিনিয়ামের রান্নার বাসনপত্র, দেয়ালের রং, শিশুদের খেলনা) সিসার মিশ্রণ বন্ধ করা।
২. পণ্যের নিরাপদ মানদণ্ড ও কঠোর মনিটরিং নিশ্চিত করা।
৩. দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অনিরাপদ সিসা-অ্যাসিড ব্যাটারি কারখানা বন্ধ বা রূপান্তর করে নিরাপদ রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তোলা।
৪. অবৈধ সিসা ব্যাটারি কারখানার কারণে দূষিত এলাকাগুলো চিহ্নিত করে মনিটরিং ব্যবস্থা চালু করা এবং সিসা দূষিত অঞ্চলগুলো পরিষ্কার করা।
৫. সিসা দূষণ প্রতিরোধে বিদ্যমান আইন পর্যালোচনা ও প্রয়োজনে নতুন আইন প্রণয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করা।
এ সময় অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করেন এবং ‘সিসা দূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে’ স্লোগানে মুখরিত ছিলেন। পরে বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে সিসা দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।





