জেলার খবর
মেলান্দহে প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে ডিসির মতবিনিময় সভা
Shakib Nahid
• 12 Jan 2026, 10:42 PM
• পঠিত 1 বার
জামালপুরের মেলান্দহ উপজেলায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) ইউসুপ আলীর সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আক্তার জ্যৌতির সঞ্চালনায় আয়োজিত সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জুলাই শহীদ পরিবারের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হামিদুল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি অনলাইনের করেসপন্ডেন্ট সাকিব আল হাসান নাহিদ, সাংবাদিক আব্দুল হাই, দিলরুবা ইয়াসমিন রুমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আফরিন জান্নাত আখিঁ, জুলাই শহীদ পরিবারের সদস্য জাহিদুল প্রমুখ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেলান্দহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইউসুপ আলী বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়াকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতাই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





