Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের গাছ কাটার অভিযোগ

admin • 02 Dec 2024, 07:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেলান্দহে অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের গাছ কাটার অভিযোগ

জামালপুরের মেলান্দহে দেবেরছড়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের আওতায় থাকা ২৬টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রতনের বিরুদ্ধে।

 

২৬টি লম্বু গাছ কর্তনের ক্ষেত্রে মানা হয়নি সরকারি বিধিমালা। গাছ কাটার বিষয় জানে না বনবিভাগের কেউ। খোদ ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীরও জানেন না এ বিষয়ে।

 

সোমবার (২ ডিসেম্বর ) বিকেলে সরেজমিনে উপজেলার ফুলকোচা এলাকায় দেবের ছড়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের স্থানীয়দের সাথে কথা হলে তারা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ আব্দুল আওয়াল রতন কলেজের ২৬টি মূল্যবান গাছ নামমাত্র মুল্যে ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করেছে। এ বিষয়টি নিয়ে গ্রামের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, নিয়মবহির্ভূত ভাবে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অধ্যক্ষ আব্দুল আওয়াল রতন কোন মিটিং বা রেজ্যুলেশন ছাড়াই সরকারি গাছগুলো বিক্রি করেছে। গাছগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। অথচ সে নামমাত্র মুল্যে বিক্রি করেছে।

 

তাদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত সাপেক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভবিষ্যতে এই কলেজের অনেকই সরঞ্জামই এভাবে বিক্রি হয়ে যাবে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের এক ছাত্র অভিভাবক বলেন, স্বেচ্ছাচারিতার চরমে পৌঁছে গেছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ বলে শেষ হওয়ার নয়। তবে ভয়ে এসব বিষয়ে কথা বলার কেউ নেই। আমি বলেছি এটা জানলে আমাকেও সমস্যায় পড়তে হবে। অধ্যক্ষের অনেক উপরে হাত আছে, সে ঠিকই ম্যানেজ করে নিবে সবকিছু।

 

এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ আব্দুল আওয়াল রতনের বক্তব্য জানতে কলেজে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিক যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া বলেন, গাছ কাটার বিষয়ে আমার কাছে কোন রকম লিখিত বা মৌখিক ভাবে কেউ কোন কিছু বলেনি। আপনার মাধ্যমে বিষয়টি অবগত হলাম।

 

এসব বিষয়ে দেবেরছড়া হাইস্কুল এন্ড বিএম কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আলমগীর হোসেন বলেন, গাছ কাটার বিষয়ে আমার জানা নেই। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।