জামালপুরে সেপ্টেম্বর মাসের কর্মদক্ষতার অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট। একইসঙ্গে জেলার শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার এসআই (নিঃ) সাজেদুল ইসলাম।
এছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই নির্বাচিত হয়েছেন এএসআই (নিঃ) মো. রুবেল মিয়া এবং শ্রেষ্ঠ মোবাইল ফোন উদ্ধারকারী এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন এএসআই (নিঃ) শীতল চন্দ্র পাল।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পুলিশ লাইনসের ড্রিলসেডে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা (ক্রাইম কনফারেন্স) সভায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট, এসআই সাজেদুল ইসলাম, এএসআই (নিঃ) মো. রুবেল মিয়া এবং এএসআই (নিঃ) শীতল চন্দ্র পাল।
পুরস্কার প্রাপ্ত ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, এই স্বীকৃতি পুরো মেলান্দহ থানার টিমওয়ার্ক ও নিষ্ঠার প্রতিফলন। পুলিশ সুপারসহ সিনিয়র অফিসারদের দিকনির্দেশনা ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রেরণা জোগায়।
একইভাবে এসআই সাজেদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে এই পুরস্কার আমাকে আরও উৎসাহিত করবে।সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে চাই জনগণের আস্থা অর্জনে।
এএসআই রুবেল মিয়া ও এএসআই শীতল চন্দ্র পাল বলেন, এই সম্মান আমাদের দায়িত্ববোধকে আরও গভীর করেছে। আমরা জননিরাপত্তা ও শান্তি রক্ষায় সর্বদা নিবেদিত থাকব।”
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি মাসে জেলার সব থানার কার্যক্রম, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং জনবান্ধব পুলিশিংয়ের মানদণ্ডে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন করা হয়। এ ধারাবাহিকতায় এবার মেলান্দহ থানার চারজন কর্মকর্তা একসঙ্গে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, যা পুরো থানা পুলিশের জন্য এক গৌরবের বিষয়।
জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানান, মেলান্দহ থানার এই সাফল্য জেলা পুলিশের সামগ্রিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্য থানাগুলোকেও অনুপ্রাণিত করবে।





