Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মুন্সিগঞ্জে প্লাস্টিক কারখানার দগ্ধ শ্রমিকের মৃত্যু

admin • 08 Mar 2024, 08:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মুন্সিগঞ্জে প্লাস্টিক কারখানার দগ্ধ শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিক রিয়াজুল ইসলামের (৩০) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

 

আজ শুক্রবার বিকেলের দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি। এ ঘটনায় আরও তিন শ্রমিক দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন রয়েছে।

 

জানা যায়, রিয়াজুল মুন্সিগঞ্জ সদরের চর সন্তোষপুর গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে। তিনি ওই প্লাস্টিক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে তার স্বজনরা।

 

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. তরিকুল ইসলাম। তিনি জানান, আজ বিকেলের দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়াজুল। রিয়াজুলের শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

 

তরিকুল ইসলাম আরও জানান, দগ্ধ অপর ৩ শ্রমিক মতিউর ৬২ শতাংশ, রাকিবুল ৫০ শতাংশ এবং ইকবাল মোল্লা ৫৮ শতাংশ দগ্ধ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ সড়কে একতলা টিনশেড জে কে প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় চারজন শ্রমিক দগ্ধ হলে তাদের গতকাল রাত ১২টার দিকে শেখ হাসিনা বার্নে আনা হয়।

 

ঘটনার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে নারায়ণগঞ্জের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।