Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মুন্সিগঞ্জে দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ আহত ১০

admin • 20 Feb 2024, 06:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মুন্সিগঞ্জে দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ আহত ১০

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে মুন্সিগঞ্জের চরাঞ্চলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকায় কয়েক দফা পাল্টাপাল্টি এ হামলার ঘটনা ঘটে। এতে ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করা হয় পুরো এলাকাজুড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়নের সোলারচর গ্রামের সাবেক ইউপি সদস্য ও আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার লোকজনের সঙ্গে একই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন সরকারের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে।

সেই বিরোধের দ্বন্দ্বের জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার সমর্থক হানিফ দেওয়ান ও সামিমের নেতৃত্বে সকাল ১১টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেনের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় ও কয়েক দফা গুলিবর্ষণ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সুরুজ মিয়া গ্রুপের শাকিল, জুয়েল ও আয়নাল নামের তিন ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এ সময় উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছে।

এরপর এ ঘটনার জেরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেনের লোকজন ওই গ্রামের প্রতিপক্ষের পাঁচটি দোকান ও ১টি বসত ঘর ভাঙচুর করে ও দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে আতঙ্ক বিরাজ করে পুরো এলাকাজুড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ ঘটনায় আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া ও আধারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোন মন্তব্য করতে রাজি হয়নি।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সৈবাল বসাক জানান, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে দুইজনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শাকিল ও জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে চরাঞ্চলে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।