Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাহিকে জুতা মারার হুমকি

admin • 24 Dec 2023, 06:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাহিকে জুতা মারার হুমকি

রাজশাহী–১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতা মারার হুমকি দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীর এক সমর্থক। গতকাল শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওতে জুতা দেখিয়ে মাহিকে জুতা মারার হুমকি দেন মাহাবুর রহমান মাহাম নামের ওই সমর্থক।

মাহাবুর রহমান মাহামের ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওতে বলতে শোনা যায়, ‘আপনার মতো মাহিয়া মাহিকে, এই যে দেখছেন এই জুতা? এই জুতা দিয়ে, একদম জুতা দিয়ে পেটানো উচিত আপনার মতো মেয়েকে। কারণ, আপনি এমন একটা মেয়ে, আপনার মা এই চলচ্চিত্র জগতে যাওয়ার আগে আপনাকে নিষেধ করেছিল।’

 

শনিবার রাত দেড়টার দিকে তানোর থানায় মাহিয়া মাহি নিজে উপস্থিত হয়ে ফেসবুকে ভিডিও পোস্টকারী মাহাবুর রহমান মাহামের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। তবে এরই মধ্যে ভিডিওটি ডিলিট করে দিয়েছেন তিনি।

 

মাহাবুর রহমান মাহাম রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের গাড়ি ভাংচুর মামলার আসামি। বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন তিনি। তবে বর্তমানে দলীয় কোনো পদ নেই তাঁর।

মাহাবুর রহমান মাহাম । ছবি: ভিডিও থেকে নেওয়া মাহাবুর রহমান মাহাম । ছবি: ভিডিও থেকে নেওয়া

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, মাহিকে হুমকিদাতার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টি আদালতকে জানানো হয়েছে এবং আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ব্যাপারে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আবু সাইদ জানান, এ ঘটনার ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর জন্য আাগামী ২৭ ডিসেম্বর হুমকিদাতাকে হাজির হতে বলা হয়েছে। এছাড়া এ ঘটনায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হবে।

 

এ ব্যাপারে জানতে মাহাবুর রহমান মাহামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে লড়ছেন নয়জন। নৌকার প্রার্থী তিনবারের সংসদ সদস্যকে চ্যালেঞ্জ দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। আওয়ামী লীগের নেতা থেকে চলচ্চিত্রের তারকা, সবাই উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দরজায়। তবে প্রতিশ্রুতির ফুলঝুরিতে নয়, যোগ্য ব্যক্তিকে সমর্থন দেবে এলাকাবাসী।

 

তানোর-গোদাগাড়ী নিয়ে রাজশাহী-১ আসনে নৌকার প্রার্থী তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এবার তাঁর দুর্গ ভাঙতে চাইছেন আওয়ামী লীগের স্বতন্ত্র দুই প্রার্থীসহ আরও আটজন।

 

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আছেন তানোর উপজেলার সাবেক আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী ও চিত্রনায়িকা মাহিয়া মাহী। এই আসন থেকে কে যাবেন জাতীয় সংসদে চায়ের দোকান থেকে পাড়া মহল্লায় এখন সেই আলোচনা।

 

গণজোয়ার নিজেদের পক্ষে বলে মনে করছেন স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহী। আর ভালো সাড়া পাওয়ার আশায় বিএনএম প্রার্থী শামসুদ্দোহা বাবু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।