জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আলোচিত মাসুদ হত্যা মামলায় নির্দোষ রুবেল প্রামাণিক এবং প্রবাসী ফরিদুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সৌদি আরব প্রবাসী ফরিদুল ইসলামের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে ফরিদুল ইসলাম জানান, গত ১২ জুলাই রাতে দুর্বৃত্তরা তার ভাতিজা মাসুদকে নির্মমভাবে হত্যা করে এবং ছোট ভাই রুবেল প্রামাণিককে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করে ফেলে যায়। ঘটনার সময় তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে বোনের শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। পরে পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে তিন মাস আট দিন কারাবন্দি করে রাখে।
তবে দীর্ঘ তদন্তের পর পুলিশ আদালতে দাখিল করা চার্জশিটে তাকে নির্দোষ হিসেবে উল্লেখ করলে তিনি কারামুক্ত হন। তিনি অভিযোগ করেন, প্রকৃত আসামিরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রয়েছে। তাদের গ্রেপ্তার না করে বরং উল্টোভাবে নিরপরাধ মানুষদের হয়রানি করা হচ্ছে।
তিনি মাসুদ হত্যা মামলার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, আহত রুবেল প্রামাণিকের জামিন নিশ্চিতকরণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা দেওয়ার দাবি জানান। এছাড়া, গত ২২ অক্টোবর তার বসতবাড়িতে সংঘটিত হামলা ও লুটপাটের অভিযোগটি আমলে নিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলামের মা ফুলেজা বেগম ও খালা খাদিজা বেগম। তারা নির্দোষ রুবেল প্রামাণিক ও ফরিদুল ইসলামের অব্যাহতি প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।





