Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মামলার জট কমাতে সরকারের নতুন উদ্যোগ

admin • 16 Apr 2026, 07:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মামলার জট কমাতে সরকারের নতুন উদ্যোগ

মামলার জট কমাতে দেশে বিচার ব্যবস্থায় বড় ধরনের উদ্যোগের কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ইতোমধ্যে ৮৭১টি নতুন আদালত এবং ২৩২ জন বিচারকের পদ সৃষ্টি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। মন্ত্রী জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের অধস্তন আদালতগুলোতে মোট ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়া আধুনিক ও সহজ করতে ফৌজদারি কার্যবিধি আইন (সংশোধন) ২০২৬-এ বেশ কিছু নতুন বিধান যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এসএমএস ও ভয়েস কলের মাধ্যমে সমন জারি, হলফনামার ভিত্তিতে আরজি ও লিখিত জবাব দাখিল এবং সরাসরি জেরা করার সুযোগ। পাশাপাশি, ডিক্রি জারির জন্য আলাদা মামলা দায়ের না করে মূল মামলার মধ্যেই আবেদন করার বিধানও সংযোজন করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগকে আরও কার্যকর করতে অতিরিক্ত ৩০৪টি বিচারকের পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ১৫০ জন নতুন সিভিল জজ নিয়োগের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। বিচার বিভাগের জনবল বাড়াতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে ৭০৮ জন কর্মচারী নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং আরও ৫৫৩টি পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি দাবি করেন, সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিরোধীদলীয় সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতের সরকারগুলোর সময়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগের ঘাটতি ছিল। বিচারকদের পদায়ন ও বদলিতে নিরপেক্ষতার পরিবর্তে অন্য বিবেচনা প্রাধান্য পেয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিচারকদের পদায়নে সততা, দক্ষতা ও পেশাগত আচরণকেই গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টে সুপারিশ করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে আদালতই—এ ক্ষেত্রে সরকারের একক কোনো কর্তৃত্ব নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।