হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনের মনতলা রেলওয়ে স্টেশনে আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম।
স্টেশন মাস্টার জানান, ১ নম্বর লাইন ধরে আখাউড়া থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল জালানি তেল বহনকারী ট্রেনটি। রোববার সকাল সোয়া ৯টার দিকে মনতলা স্টেশন অতিক্রম করার সময় ৯৬১ নম্বর ট্রেনটির পেছনের গার্ড কমপার্টমেন্টটি ট্রলির ওপর থেকে ছিটকে বাইরের দিকে পরে যায়। এতে ১ নম্বর লাইনটি বন্ধ হয়ে যায়। তবে অন্য লাইনে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
স্টেশন মাস্টার আরও জানান, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটনাটি ঘটে। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওয়ানা দিয়েছে।





