মাদারীপুরের কালকিনি উপজেলায় ভূরঘাটা নিরাময় হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাদেরকে ফাঁসানোর জন্য মিথ্যা বলা হচ্ছে।
জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের ফয়সাল সরদার তার গর্ভবতী স্ত্রী আয়শা আক্তারকে নিয়ে কালকিনি উপজেলার ভূরঘাটা নিরাময় প্রাইভেট হাসপাতালে আসেন। সেখানকার কর্তব্যরত ডিএমএফ সাইফুল ইসলাম ওই রোগীর আল্ট্রাসনোগ্রাম করে যমজ বাচ্চা থাকার বিষয়টি তাদের নিশ্চিত করেন এবং তাদেরকে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন।
পরবর্তীতে তার পরামর্শক্রমে মঙ্গলবার রাতে আয়েশা আক্তারের অপারেশন করানো হয়। এ সময় তাকে দুটি বাচ্চা দেখানো হলেও অপারেশনের পরে যমজ বাচ্চার পরিবর্তে একটি বাচ্চা হয়েছে বলে জানানো হয়। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ যেকোনো কারণে বাচ্চা সরিয়ে ফেলেছে। তবে ভূরঘাটা নিরাময় হাসপাতালের মালিকপক্ষের দাবি, বাচ্চা একটি ছিল। আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট ভুল ছিল। তাদেরকে ফাঁসানোর জন্য রোগীর স্বজনেরা মিথ্যা কথা বলছেন।
কালকিনি থানার ওসি মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ঘটনার খবর পেয়ে আমি নিজে ঐ হাসপাতালে যাই। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।





