সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মা রশিদা খানমকে জবাই করে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন্নেসা জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণীতে জানা যায়, আসামি নাহিদ ইমরান নিয়ন জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। টাকা পয়সা ও অন্য বিষয়াদি নিয়ে ভীত হয়ে পূর্বপরিকল্পিতভাবে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে মাকে গলাকেটে হত্যা করে।
এ ঘটনায় আসামির আরেক ভাই নাছিম ইমরান নিশাত বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর আসামি নাহিদ ইমরান নিয়নকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামি নাহিদ ইমরান নিয়নকে ৩০২ ধারায় দন্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড রায় প্রদান করেন।





