গাজীপুরের শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় মোখলেছুর রহমান নামে ৪৪ বছর বয়সী একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের ছেলে।
শুক্রবার দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেছুর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার জয়গঞ্জ গ্রামের মো. মফিজুল হকের ছেলে। তার ১১ বছরের ছেলের নাম ফয়সাল আহমেদ। শ্রীপুরের জৈনাবাজার এলাকায় একটি কারখানায় কাজ করতেন মোখলেছুর।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন মোখলেছুর।
দুপর ১২টার দিকে জৈনাবাজার শিশুতোষ বিদ্যাঘরের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় ঢাকাগামী একটি ডাম্প ট্রাক। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোখলেছুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





