ভ্যাপসা গরমের পর হালকা ও মাঝারি বৃষ্টিতে রাজধানীবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও টানা দুই দিনের বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের।
রোববার রাত থেকে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে ভ্যাপসা গরম কিছুটা কমলেও বিপাকে পড়েছে রাজধানীবাসী।
সকালে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় জীবিকার তাগিদে সড়কে বের হওয়া শ্রমজীবী-কর্মজীবী এবং অফিসগামী মানুষদের। নির্দিষ্ট গন্তব্যে যেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কাঙ্ক্ষিত বাসের জন্য। যানবাহন না পাওয়ায় নির্দিষ্ট সময়ে স্কুল-কলেজে পৌঁছাতে ছাতা হাতে করে হেঁটেই যেতে দেখা যায় শিক্ষার্থীদের।
এদিকে বৃষ্টির কারণে অতিরিক্ত রিকশা ও সিএনজি ভাড়া নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। অনেকটা বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয় তাদের।
এদিকে আগামী ৫ জুলাই পর্যন্ত আষাঢ়ের বর্ষণ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি জুলাই মাসের মধ্যেই আরেক দফা বন্যার কবলে পড়তে পারে সিলেট অঞ্চল। বন্যার শঙ্কা রয়েছে দেশের উত্তরাঞ্চলেও।





