ভোলায় নানা আয়োজনে জঙ্গি হামলায় নিহত সহকারী জজ সোহেল আহমেদ এবং জজ জগন্নাথ পাঁড়ের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে ভোলা জেলা দায়রা জজ আদাল প্রাঙ্গণ থেকে একটি শোক র্যালি বের হয়। বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতির ব্যানারে শোক র্যালিটি কালিবাড়ী রোডে নিহত সোহেল আহমেদের সামাধিস্থলে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম শহিদ সোহেলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে নিহতদের আত্মার মাগফেরাত কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলী মনসুর, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে, যুগ্ম জেলা ও দায়রা জজ ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের (বিচার) মো. শামসুদ্দিন, ভোলা বারের সভাপতি অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন, সম্পাদক মাহবুবুল হক লিটু উপস্থিত ছিলেন।
এছাড়া ভোলা জেলা জজ আদালতের হাজতখানায় সোহেল আহমেদ দিদারের নামে একটি পাঠাগার এবং একটি টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শীতকালের জন্য হাজতখানার ফ্লোরে কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।
২০০৫ সালের ১৪ নভেম্বর দুই সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে ঝালকাঠি জেলায় জঙ্গি হামলায় নিহত হন।





