নীলফামারীর কিশোরগঞ্জে ভূত বলে ভয় দেখানোয় ছোট বোনের সঙ্গে বড় বোনের কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে বড় বোন ফিরোজা আক্তার (১৪) গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। সোমবার সকালে পরিবারের লোকজন শয়ন কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
সোমবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী বাজারপাড়া গ্রামে এমন ঘটনা হয়।
মৃত তরুণী ওই গ্রামের ফজলুল হকের মেয়ে। সে রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী জানান, তাদের বাবা অবিলের বাজারে হোটেল ব্যবসা করেন। দোকান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ফিরোজা ছোট বোনকে ভূত বলে ভয় দেখায়। এতে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া তার ছোট বোন ক্ষিপ্ত হয়ে বড় বোনের সঙ্গে তর্কে জড়ায়। পরে বাড়িতে গিয়ে রাতের খাবার শেষে দুই বোন একসঙ্গে ঘুমায়। পরদিন সকালে পরিবারের লোকজন ফিরোজার ঝুলন্ত লাশ দেখতে পায়।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।





