Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভুয়া ঋণের ফাঁদ, জনসাধারণকে সতর্ক করল এডিবি

admin • 20 Jul 2026, 06:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভুয়া ঋণের ফাঁদ, জনসাধারণকে সতর্ক করল এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের প্রতারণা থেকে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, তারা কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা দেয় না। একই সঙ্গে কোনো ব্যক্তির কাছে আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত তথ্য চাওয়া বা মোবাইল ব্যাংকিংসহ অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দিতে বলাও এডিবির নীতির পরিপন্থী।

সংস্থাটি জানায়, সম্প্রতি প্রতারকচক্র এডিবি ও এর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্র এবং অন্যান্য প্রতারণামূলক উপকরণ তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে জনসাধারণকে এ ধরনের ভুয়া ঋণের প্রস্তাব বা আর্থিক সহায়তার প্রলোভনে সাড়া না দেওয়ার জোরালো পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ এডিবির নামে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দিলে বিষয়টি দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এডিবি আরও জানায়, তারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে সরকার ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। তাই কোনো ব্যক্তি যদি এডিবির প্রতিনিধি পরিচয়ে সরাসরি ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

এডিবির নামে পরিচালিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থাটির প্রকাশিত ‘সতর্কবার্তা ও পরামর্শ’ অনুসরণেরও আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।