Tuesday, 22 September 2026
শিরোনাম
জাতীয়

ব্যক্তিগত কারণ দেখিয়ে আরও দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

• 22 Sep 2026, 01:28 PM • পঠিত 115 বার
শেয়ার করুন:
ব্যক্তিগত কারণ দেখিয়ে আরও দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন আরও দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি)। তাঁদের মধ্যে ডিএজি মো. বেলায়েত হোসেন সোমবার (২১ সেপ্টেম্বর) এবং কে এম রেজাউল ফিরোজ (রিন্টু) রোববার পদত্যাগপত্র দেন। এ নিয়ে চলতি মাসে ডিএজি, এএজি ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ মোট আটজন আইন কর্মকর্তা পদত্যাগপত্র দিলেন।

 

মো. বেলায়েত হোসেন জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি সোমবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন। অন্যদিকে কে এম রেজাউল ফিরোজ জানান, তিনি তাঁর পদত্যাগপত্র রোববার বিকেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।

 

এর আগে ৭ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দেন। অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ১৩ আগস্ট তাঁকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

 

একই দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জল চাকমা।

 

এর দুদিন পর, ৯ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে পদত্যাগপত্র দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা। তিনি গত ৩০ জুলাই ডিএজি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

 

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে ডিএজি ও এএজি পদে ২৬৬ জন আইনজীবী নিয়োগ পান।

 

এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে নতুন করে এসব নিয়োগ দেওয়া হয়।

 

২৬৬ জন আইন কর্মকর্তা নিয়োগের পর ডিএজি ও এএজি পদে নিয়োগ না পাওয়া এবং নিয়োগপ্রত্যাশী বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে ২ আগস্ট তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন। এরপর ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় প্রতিদিনই তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।