বেতন-ভাতা বৃদ্ধি এবং শাখা ডাকঘরে কর্মরত সব কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে জামালপুরের ইসলামপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। রোববার (১২ জুলাই) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী ইসলামপুর উপজেলার গিলাবাড়ী সাব পোস্ট অফিসের সামনে উপজেলার পাঁচটি শাখা ডাকঘরের কর্মচারীদের ব্যানারে এ ধর্মঘট কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে কর্মচারীরা দ্রুত তাঁদের দুই দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। ধর্মঘট চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উমর ফারুক, শরীফ উদ্দিন, রমজান আলী, তৌহিদ আনাম, ছামিউল ও মোশারফ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাখা ডাকঘরের কর্মচারীরা মাত্র চার হাজার টাকা মাসিক বেতনে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ বেতনে একটি পরিবারের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়। সংসারের ব্যয় মেটানো তো দূরের কথা, সন্তানদের লেখাপড়ার খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে। তাঁরা আরও বলেন, প্রতিদিন চিঠিপত্র বিতরণ ও সংগ্রহের কাজে বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়। কিন্তু এ কাজে যে অর্থ ব্যয় হয়, অনেক সময় তা দৈনিক আয়ের চেয়েও বেশি।
গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা প্রদান করলেও শাখা ডাকঘরের কর্মচারীরা এখনো পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারীর স্বীকৃতি পাননি। ফলে তাঁরা চাকরির নিরাপত্তা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। বক্তারা অবিলম্বে বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা বৃদ্ধি এবং শাখা ডাকঘরে কর্মরত সব কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।





