Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বৃষ্টির জন্য কুমারখালীতে 'ইসতিসকার' নামাজ আদায়

admin • 22 Apr 2024, 12:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বৃষ্টির জন্য কুমারখালীতে 'ইসতিসকার' নামাজ আদায়

কুষ্টিয়ার কুমারখালীতে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।

 

সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের খড়িলার বিলে খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন স্থানীয়রা। এতে ইউনিয়নের বল্লভপুর, রসুলপুর, ভবানীপুর, জোতমোড়া ও বরইচারা গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

 

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর মাদ্রাসার হেফজখানার শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদী। মঙ্গল ও বুধবার একই জায়গায় সকাল ৮টায় বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

মুফতি নাসির উদ্দিন আল ফরিদী জানান, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, মানুষের সৃষ্ট কোনো পাপের কারণে মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টি না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকা নামাজ আদায় করতেন। এজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে তওবা করে ও ক্ষমা চেয়ে ২ রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

দহখোলা দক্ষিণ ভবানীপুর কওমী হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা রাসেল মোল্লা জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই খুব কষ্টে আছেন। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন। মঙ্গল ও বুধবারও একই স্থানে বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হবে।

কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মামুনুর রশিদ জানান, কয়েকদিন ধরে সকালে ৩৩-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। বিকেল ৩টার দিকে তা ৩৯-৪১ ডিগ্রি ছাড়িয়ে যায়।

তিনি আরও জানান, প্রায় এক মাস ধরে কুমারখালীতে বৃষ্টিপাত হয়নি। এ ছাড়া আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।