টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিষপানে আয়শা আক্তার নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গত বৃহস্পতিবার বিষপান করেন আয়েশা আক্তার। চিকিৎসাধীন অবস্থায় আজ ওই ছাত্রী মারা যান। আয়শা সখীপুর উপজেলার কচুয়া গ্রামের আজহার আলীর মেয়ে। সে সখীপুর সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
জানা যায়, পারিবারিকভাবে মেয়ে আয়শার বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছিল। মেয়েটি ওই বিয়েতে রাজি ছিল না। তার সঙ্গে স্থানীয় সহপাঠী সিয়াম আহমেদের প্রেমের সম্পর্ক ছিল। তাদের অনেক যুগল ছবিও রয়েছে। মেয়েটি অন্যত্র বিয়ে দেওয়ার কথা শুনেই আত্মহত্যা করেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিষপানে আত্মহত্যা করা আয়শা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





