Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিষ খাইয়ে সন্তানকে হত্যা, বাবা-মা গ্রেপ্তার

admin • 24 May 2024, 01:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিষ খাইয়ে সন্তানকে হত্যা, বাবা-মা গ্রেপ্তার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় প্রতিবন্ধী শিশু সন্তানকে (২) বিষ খাইয়ে হত্যার অভিযোগে শিশুর বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২২ মে) রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ চাতুল গ্রামে অভিযান চালিয়ে শিশুর বাবা রাশেদ মিয়া এবং মা শাপলা বেগমকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য হয়ে পড়ে। গত ১৭ মে বিকেলে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেয়া হয়।

পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুর বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, থানায় অভিযোগ প্রাপ্তির পর পুলিশ মৃত শিশুর মা-বাবাকে গ্রেপ্তারে কাজ শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বাবা-মা তাদের প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করেছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।