শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি শাবিপ্রবির রোবটিক্স বিষয়ক সংগঠন ‘রোবোআড্ডা’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মিনহাজুল আবেদীন যশোরের মনিরামপুর থানার সালামতপুরের মো. ফারুক উদ্দিনের ছেলে।
মিনহাজুলের বাবা ফারুক হোসেন বলেন, আমার ছেলে সব সময় রোবট নিয়ে গবেষণা করত। নিয়মিত সারা রাত ঘুমাত না। রাত জেগে এ নিয়ে কাজ করত। ভোর হলে ঘুমাত। রোবট বলতে বলতে সে মানসিক রোগী হয়ে যায়। আমরা তাকে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি। ও এবার অনার্স শেষ বর্ষে পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল।
তিনি আরও বলেন, বুধবার রাতে খাবার খেয়ে ও নিজ ঘরে দরজা দিয়ে অনলাইনে মিটিং করছিল। এটা দেখে আমরা ঘুমিয়ে পড়ি। ভোরে উঠে আমার স্ত্রী ছেলের ঘরে আলো জ্বলতে দেখে। তখন সে জানালা দিয়ে দেখতে পায় ছেলে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে দরজা ভেঙে আমরা লাশ উদ্ধার করি।
মিনহাজুলের সহপাঠী ওমর ফারুক বলেন, তার আত্মহত্যার বিভিন্ন কারণ থাকতে পারে। সে রোবোআড্ডায় সময় দিতে গিয়ে পড়ালেখায় মনোযোগ দিতে পারেনি। বিভাগের কয়েকটি কোর্স ড্রপ ছিল। এছাড়া প্রেমঘটিত কারণও থাকতে পারে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।





