পণ্য বিক্রির নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করার অভিযোগে গাইবান্ধায় সিঙ্গার শো-রুম কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের ডিবি রোডে অবস্থিতি সিঙ্গার শো-রুম কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন গাইবান্ধা ভোক্তা অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুস ছালাম।
এসময় তিনি বলেন, ১০০ ভাগ ডিসকাউন্টের নামে সিঙ্গার শো রুম কর্তৃপক্ষ বিজ্ঞাপন দিয়ে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছেন। বিষয়টি জানতে পেরে পরে শো রুমে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই শো রুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল।





