কুমিল্লার নাঙ্গলকোটে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের নৌকা মার্কার নির্বাচনী গান বাজিয়ে নৃত্য করা হয়। এ ঘটনায় নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে আরিফুল ইসলাম নামে এক শিক্ষককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে নাঙ্গলকোট উপজেলা হেলিপ্যাড মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের ডিসপ্লে প্রদর্শনীতে নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা নৌকার পক্ষে ভোট চেয়ে গাওয়া নির্বাচনী গান ‘জিতবে এবার নৌকা’ বাজিয়ে নৃত্য প্রদর্শন করে। যদিও গানটি প্রায় ১ মিনিট মাইকে বাজানোর পর তা বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে সমালোচনা তৈরি হয়। এসময় মঞ্চে অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে এলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে শিশু কল্যাণ জুনিয়র স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার সন্ধ্যায় এ বিষয়ে যোগাযোগ করা হলে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক বলেন, ‘উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনকালে শিশুকল্যাণ জুনিয়র স্কুলের স্টেজে একটি নির্বাচনী গান বাজানো হয়। আমরা সাথে সাথেই তাদেরকে থামিয়ে দিই। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।’





