Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বিএনপির কার্যালয়ে ডিবির অভিযানে ককটেল-লাঠি উদ্ধার, গ্রেফতার ৭

admin • 17 Jul 2024, 09:35 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএনপির কার্যালয়ে ডিবির অভিযানে ককটেল-লাঠি উদ্ধার, গ্রেফতার ৭

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ককটেল, পেট্রোল, বাঁশের লাঠি ও অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১২টার পর ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে ডিবি প্রধান বলেন, অভিযানে ১০০টির বেশি ককটেল, ৫/৬ বোতল পেট্রোল, ৫০০টি বাঁশের লাঠি, সাতটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ডিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেছে। সাতজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ রয়েছেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, রেলের স্লিপার খুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দিচ্ছে। গোয়েন্দা পুলিশ অবজারভেশনে জানতে পেরেছে যে, কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে, এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান।

তিনি আরো বলেন, একটি গ্রুপ শুধু অর্থ ও অস্ত্র দিয়েই নয় বরং গুজব ছড়িয়ে আন্দোলনকে নানাদিকে ধাবিত করার চেষ্টা করছে। এর আগেও বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে অনেকে অপরাজনীতি করেছে, আমরা তাদের ছাড় দেইনি। এই কোটাবিরোধী আন্দোলন ঘিরেও যারা অপরাজনীতি করার চেষ্টা করবে, আমরা তাদেরও ছাড় দেবো না।

ডিবিপ্রধান বলেন, যারা এই ধরনের কাজ করছে, তাদের নাম-নম্বর আমরা পেয়েছি, তাদের অচিরেই গ্রেফতার করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন বলেন, আপনারা দেখেছেন, তাদের (বিএনপি) কয়েকটি অঙ্গ-সংগঠন আজ প্রোগ্রাম করেছে। তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে। তাদের প্রতিহত করতেই আমাদের এ অভিযান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।