বিএনপির ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিন রাজধানী মিরপুরে দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে শাহ আলী থানা পুলিশ।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় মিরপুর ১ নম্বরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল দুটি বিস্ফোরণ হয়।
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে প্রায় ধারাবাহিকভাবেই হরতাল–অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এর ধারাবাহিকতায় বুধ ও বৃহস্পতিবার ষষ্ঠ দফায় অবরোধের ডাক দিয়েছে দলটি।
ফায়ার সার্ভিসের তথ্য বলছে, গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে মোট ১৯৭টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া যানবাহনের মধ্যে অধিকাংশই বাস। গত ২৪ দিনে প্রতিদিন গড়ে ৭টি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে প্রতিদিন গড়ে পুড়েছে ৫টি করে বাস।
এ সব অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে মোট ৫ জন আহত হয়েছে। এর মধ্য ২ জন ফায়ার সার্ভিস কর্মী, বাকি ৩ জন সাধারণ নাগরিক। তবে নিহতের কোনো ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।





