সাতক্ষীরার শ্যামনগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৪২) মারাত্মক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ-শ্যামনগর মহাসড়কের খানপুরের চালতেঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি গ্রামের বারিক গাজীর ছেলে। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেলচালক।
আহত রবিউল ইসলাম একই ইউনিয়নের মধ্য খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুচির ছেলে।
স্থানীয়রা জানান, রবিউল ইসলামকে নিয়ে ভাড়ায় সাতক্ষীরায় যাচ্ছিলেন শাহিনুর। এসময় পাবনা থেকে ছেড়ে আসা বিপরীতগামী যাত্রীবাহী ফুলঝুড়ি পরিবহনের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শাহিনুর ও রবিউল। তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সন্ধ্যা ৬টার দিকে সেখানে পৌঁছালে চিকিৎসক মোটরসাইকেল চালক শাহিনুরকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুর্ঘটনায় শাহিনুরের ডান পায়ের হাড় ভেঙে বেরিয়ে যায়। এছাড়া দেহের বিভিন্ন অংশ থেঁতলে যায় এবং দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।





