চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার (১ জুন) উপজেলার বিবিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা বাবা-ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে বাবা ও ছেলে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে দুর্ঘটনায় কবলিত বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিস্তারিত আসছে...





