সংসদ সদস্যদের আবাসনের জন্য আসবাবপত্র কেনাকাটায় অতীতের ‘বালিশ কাণ্ড’, ‘পর্দা কাণ্ড’ বা অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, যুক্তিসংগত মূল্য এবং মানসম্মত পণ্য নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় সংসদ সদস্যদের আবাসন সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে এসব বাসা বরাদ্দ দেওয়ার লক্ষ্যে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শেরে-ই-বাংলা নগরের এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ সংস্কার কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সংসদ ভবনের বিভিন্ন সেবার মানোন্নয়নে দুটি সাব-কমিটি গঠন করা হয়েছে। অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের ত্রুটি শনাক্তে রকিবুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। অন্যদিকে ক্যান্টিনের খাবার, পানির মান এবং আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ে ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে আরেকটি সাব-কমিটি করা হয়েছে।
এছাড়া সংসদ সদস্যদের জন্য ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এমপি হোস্টেলগুলোতে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





