ফরিদপুরের ভাঙ্গায় আলোমতি (৬০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আলোমতি ওই গ্রামের আব্দুল হক শেখের স্ত্রী। তাদের ৪ ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার ভোরে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হন আলোমতির ছেলে ফোরকান শেখের স্ত্রী আদুরী বেগম। তিনি ঘরের পিছনে বাঁশ বাগানে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার শাশুড়িকে দেখতে পান। চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এসে তার মরদেহ নামিয়ে আনেন। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ নিয়ে যায়।
পরিবার জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন।
ভাংগা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রাম থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন।





