জামালপুরের মেলান্দহে এক সেনা সদস্যের বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সরদার মহি উদ্দিনের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার সন্ধা সাতটা দিকে উপজেলার ভাবকী এলাকায় মৃত সেনাসদস্য আলতাফ মেলেটারির বাড়ী ভাঙচুর করে আসবাবপত্র, ৪ ভরি স্বর্ণ, ও অন্যান্য সামগ্রী লুটপাট করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত বহিষ্কৃত আওয়ামীলীগ নেতা সরদার মহি উদ্দিন কলহপ্রিয় মানুষ বৃহস্পতিবার সন্ধায় ভাবকী বাজার সংলগ্ন ৪০ বছরের আলতাফ মিলিটারির পুরাতন বাড়ী দখল করতে ভাঙচুর করে। এসময় ঘরের আলমারীতে রাখা ৪ ভরি স্বর্ণ, টেলিভিশনসহ অন্যান্য আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। জানা যায়, কয়েক বছর আগে আলতাফ মেলেটারী মৃত্যু বরণ করেছেন। তার একটিই ছেলে চাকরীর সুবাধে সে ঢাকাতেই থাকে। হামলার সময় বাড়ীতে কেউ ছিলোনা ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমী থেকেও বিভিন্ন আসবাব পত্র ওই নেতার নেতৃত্বে লুট করা হয়েছে। শেখ হাসিনা টেক্সটাইল কলেজে আক্রমণ করলে স্হানীয় বিএনপির নেতৃবৃন্দের বাঁধার কারনে ক্ষতি করতে পারেনি । এছাড়া দিনে দুপুরে ভাবকীর একজন নিরীহ লোক মুন্তাজকে হত্যা করে ১০ বছর জেলও খেটেছে। বর্তমান চরবানিপাকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং সহ-সভাপতি ছিলো সে। অপকর্মের জন্য দল থেকে দেড় বছর আগে বহিষ্কার করেছে। ওর কাজই হলো সমাজে অশান্তি সৃষ্টি করা।
চরবানিপাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, বার বার বাধা দেওয়ার পরেও তার গোষ্ঠীর কয়েকজন বিএনপি নেতা ভাই ভাতিজা ও গ্রামের কতিপয় ছেলেদের নিয়ে নিজের অসৎ উদ্যেশ্য হাছিলের জন্য বাজারের নিরীহ মানুষের স্থাপনা ভাঙতেছে। তাকে বলেছিলাম আপনি আমাদের দলের কেউ না তাই দয়া করে কারোর ক্ষতি করবেন না। এই কথা বলার পরও সে অপকর্ম চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে ভাবকী বাজারে সরকারী একটি গাছও কেটে ফেলেন ।
এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত বহিষ্কৃত আওয়ামীলীগ নেতা সরদার মহি উদ্দিনের মুঠোফোনে কয়েকবার চেস্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী অবঃপ্রাপ্ত সেনা সদস্যের ছেলে আল মামুন জানান, চাকরীর সুবাধে সে ঢাকায় থাকে। ঘটনার দিন বাড়িতে কেউ ছিলোনা। ঘরের তালা ভেঙ্গে এ লুটপাট করে সরদার মহি উদ্দিনের নেতৃত্বে কয়েকজন। পুলিশ সদস্যরা কর্মবিরতিতে থাকায় থানায় অভিযোগ দেওয়ার সম্ভব হয়নি। তবে বিষয়টি মেলান্দহ সেনাক্যাম্পে জানানো হলে তারা বাড়ি পরিদর্শন করে এসেছেন।





