Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বশেমুরবিপ্রবিতে প্রতীকী কফিন কাঁধে শোক মিছিল ও গায়েবানা জানাজা

admin • 17 Jul 2024, 09:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বশেমুরবিপ্রবিতে প্রতীকী কফিন কাঁধে শোক মিছিল ও গায়েবানা জানাজা

কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতীকী কফিন কাঁধে নিয়ে শোক মিছিল ও গায়েবানা জানাজা করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ত্যাগের নির্দেশ দিলেও ভিসির বাসভবন ঘেরাও করে তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে তারা হলে থাকার ঘোষণা দিয়েছেন। ফলে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আজ বুধবার বিকেল ৪টায় কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতীকী কফিন নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা হলের সামনে থেকে শোক মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে অবস্থান নেয়।

 

পরে সেখানে শিক্ষার্থীরা প্রতীকী কফিন রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গায়েবানা জানাজায় অংশ নেন। জানাজায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

 

এরপর বিশ্ববিদ্যালয়ের ভিসি এ কিউ এম মাহবুবের বাসভবনের সামনে কফিনসহ অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। এ সময় হল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, হল বন্ধ করে তাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

 

এদিকে সকালে রিজেন্ট বোর্ডে এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি বুধবার বিকেল ৫টায় ছাত্রদের ও বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।

 

সেই সঙ্গে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান প্রক্টর ড. মো. কামরুজ্জামান। উপাচার্য এ কিউ এম মাহাবুব বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।