বরিশালে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার ও দুইজন আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
র্যাবের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসি গাড়িতে করে বিপুল পরিমাণ কচ্ছপ অবৈধভাবে বিক্রির জন্য বহন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ সকাল সাড়ে ১০টার দিকে লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করে। যার ওজন ১৬০ কেজি। চারটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।
এ সময় বাসের সুপারভাইজার ও সহকারী যথাক্রমে মো. ফয়সাল ও মো. সজিব শেখকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তর, সদর রেঞ্জ, বরিশালের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।





