জেলার খবর
বরিশালে দুটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান
admin
• 04 Sep 2022, 06:47 PM
• পঠিত 1 বার
বরিশালে দুটি ডায়াগনস্টিক সেন্টার এবং দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে রোববার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বান্দ রোডে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় বান্দ রোডের সাউথ ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার এবং সেবার মূল্য তালিকার অতিরিক্ত মূল্য নেয়ায় নিউ মেডিএইড ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ফিজিশিয়ানের স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে কথা মেডিকেল হল থেকে ৩০ হাজার এবং মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় জাহানারা মেডিকেল হল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব মিয়া এবং সমিরন মিত্রসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
মিরর/ সাজ্জাত
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





