Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

admin • 13 May 2025, 08:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদারদহ নদীতে গোসল করতে গিয়ে আজিম মিয়া (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার হরিপুর পাথালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিম হরিপুর গ্রামের সাদা মণ্ডলের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, ওইদিন বিকেলে আজিম তার দুই সহপাঠী কাওসার মিয়া (১০) ও সিদ্দিকুর রহমান (৮) কে সঙ্গে নিয়ে বাড়ির পাশে মাদারদহ নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে নদীর মাঝামাঝি চলে গেলে স্রোতের টানে আজিম তলিয়ে যায়। অন্য দুই শিশু কোনো রকমে তীরে ফিরে এলেও আজিম নিখোঁজ হয়ে পড়ে।

সহপাঠী কাওসার মিয়া জানান, “তিনজন একসাথে পানিতে গোসল করতেছিলাম। হঠাৎ দেখি আজিম ওইদিক যাইতেছে। আমি একজনকে কইলাম ‘দেখেন, ও তো দূরে যাইতেছে’, এরপর আর খুঁজে পাইনি।”

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, “আমি ওদের নদীতে নামতে মানা করেছিলাম। তারপরও তারা তিনজন পানিতে নামে। কিছুক্ষণ পর দেখি একজন চিৎকার করছে—‘ওকে ধরেন’। আমি দৌড়ে গিয়ে একজনকে তুলে আনলেও আজিমকে আর পাওয়া যায়নি।”

দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা অবশেষে আজিমের নিথর দেহ নদী থেকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা আক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবে যাওয়ায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা আহাজারি করছেন। ছেলে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আজিমের বাবা-মা।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।