বঙ্গোপসাগরের কটকা এলাকায় তিন দিন ধরে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ট্রলারের ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিমজোন।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: মুনতাসির ইবনে মহসীন এ তথ্য জানান। উদ্ধারকৃত জেলেদের বাড়ি জেলার শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৬নভেম্বর) শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকা থেকে ১টি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। এরপর গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে তারা ভাসমান অবস্থায় দিন-রাত অতিবাহিত করেন।
রোববার সকাল ৭টায় কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী নিয়মিত টহল চলাকালে সকাল ১১টায় টহল দল কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোট ভাসতে দেখে। এরপর বোটের কাছাকাছি পৌঁছালে জেলেরা চিৎকার করে। পরে কোস্ট গার্ড টহল দল বোটটির কাছে গিয়ে ৪ জন জেলেকে উদ্ধার করে।
পরে উদ্ধারকৃত জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি পরিবেশন করে সুস্থ করে তোলে । পরবর্তীতে, উদ্ধারকৃত জেলেদের কচিখালী স্টেশনে নিয়ে আসা হয়। আগামীকাল তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





