Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বঙ্গভবনে বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

admin • 18 Apr 2023, 08:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বঙ্গভবনে বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বিকেলে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বঙ্গভবনে সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি হামিদের সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

 

রাষ্ট্রপতি হামিদ আগামী ২৪ এপ্রিল ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট দায়িত্ব হস্তান্তর করবেন। তিনি দ্বিতীয় মেয়াদসহ সুদীর্ঘ দশ বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাতকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা তাদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে তিনবাহিনী প্রধান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও উন্নয়নে রাষ্ট্রপতির সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

 

রাষ্ট্রপ্রধান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে এনেছে। সশস্ত্রবাহিনী আমাদের গৌরব ও ঐতিহ্যের প্রতীক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো প্রয়োজনে সব সময় তারা জনগণের পাশে দাঁড়িয়েছে।

 

রাষ্ট্রপতি উল্লেখ করেন, এছাড়াও বিদেশে শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে তারা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

 

আবদুল হামিদ সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।