চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রবেশের সময় সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উলটে একজন নিহত হয়েছেন। নিহতের নাম আবুল হোসেন। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে ওয়াই জংশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার মৃত আবুল কালামের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নিহতের মা পতেঙ্গা থানায় মামলা করেছেন।
এদিকে টানেলে প্রাইভেটকার নিয়ে বেপরোয়া রেসে মেতে ওঠার ঘটনায় পাঁচটি কার জব্দ করেছে কর্ণফুলী থানা পুলিশ। এ ঘটনায় প্রাইভেটকারের দুই চালককে গ্রেফতার করা হয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, টানেলে প্রবেশের আগে সড়ক বিভাজকের রেলিংয়ে ধাক্কা খেয়ে বাসটি উলটে যায়। এতে আবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। আহত ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, বাসটি পতেঙ্গা হয়ে আনোয়ারার দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, বাসের চালক ঘুমে ছিলেন। ওই অবস্থায় বাসটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে চালক পালিয়েছে। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
টানেলে বেপরোয়া রেসিংয়ে অংশ নেওয়া ৫ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ : বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বঙ্গবন্ধু টানেলে বেপরোয়া রেসে অংশ নেওয়া পাঁচটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। একই সঙ্গে রেসে অংশ নেওয়া দুই চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- নগরীর কোতোয়ালী থানার আলকরণ রোডের বাসিন্দা আনসারুল হকের ছেলে মো. আশারাফুল হক ও বাকলিয়া থানার তুলাতলী এলাকার সোলায়মান সওদাগরের ছেলে মো. এমরান উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ অক্টোবর টানেলের উদ্বোধন করেন। পরদিন থেকে তা যানচলাচলের জন্য খুলে দেওয়া হয়। এদিন মধ্যরাতে হঠাৎ স্পোর্টস কার নিয়ে টানেলে বেপরোয়া রেসে মেতে ওঠে একদল উঠতি বয়সী তরুণ। পরে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে গতিসীমা লঙ্ঘন করে গাড়িগুলোকে চালাতে ও ওভারটেকিং করতে দেখা গেছে।





