Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ী গ্রেপ্তার

admin • 30 Jun 2026, 04:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় প্রাণী নির্যাতনের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তি মো. স্বপন, তিনি নগরীর রহমাননগর এলাকার মৃত ইসমাইলের ছেলে। সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে নগরীর বকশিবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

 

এর আগে সোমবার ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে যান। সেখানে একটি সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

 

খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।

 

এজাহারে আরও উল্লেখ করা হয়, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত মো. স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথকুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেন। আহত প্রাণীটির চিকিৎসা নিশ্চিত করা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শের কারণে অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

পুলিশ জানায়, মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।