Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা

admin • 12 Mar 2024, 11:57 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা
সাকিব আল হাসান নাহিদ,জামালপুর:

জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় একটি দৈনিকের উপজেলা প্রতিনিধির ওপর হামলা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের নামা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত সাংবাদিক মতিন রহমান ভোরের দর্পণ নামের একটি দৈনিকে কাজ করেন। তিনি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হামলার শিকার সাংবাদিক মতিন রহমান বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে সদ্য অনুষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর কামরুজ্জামান সুজন ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংবাদ সংগ্রহের জন্য আমরা কয়েকজন গণমাধ্যমকর্মী নামাপাড়া এলাকায় যাই।

 

সংবাদ সংগ্রহ শেষে নব-নির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান সুজনের বক্তব্য নিতে গেলে তাঁর সমর্থক ও আত্মীয়–স্বজনরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। তাঁরা আমাকে মারধর করে। পরে সহকর্মীদের সহযোগিতায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

 

এদিকে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মতিন রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কর্মরত সংবাদকর্মীরা। তাঁরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

 

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। অভিযোগ পেলেই হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।