Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ফের সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেন পাপন

admin • 29 Sep 2023, 07:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফের সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেন পাপন

নাজমুল হাসান পাপনের একটি খারাপ দিক- বেশি সাক্ষাৎকার দেওয়া। বিসিবি সভাপতি সম্পর্কে কথাটা সাকিব আল হাসানের। গতকাল সাকিবের দেওয়া সাক্ষাৎকারের কথাটা নাজমুল শুনেছেন কি না, কে জানে!

সাকিবের এই কথার আগ থেকেই অবশ্য গত কদিন ধরে মুখে কুলুট এটেছেন নাজমুল। অথচ সাকিব-তামিম ইস্যুতে কী ঝড়টাই না বয়ে যাচ্ছে দেশের ক্রিকেটে।

সাধারণত এসব ক্ষেত্রে ব্যক্তিগত বাসভবনে সংবাদ মাধ্যমের উপস্থিতিতে কথা বলেন নাজমুল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। নানা চেষ্টা করেও এখন পর্যন্ত বিসিবি সভাপতির মুখ থেকে এ বিষয়ে একটি কথাও চেষ্টা করে বের করা যায়নি। নাজমুলের একটাই কথা, 'পরে কথা বলব। ' সর্বশেষ সংবাদমাধ্যমের চেষ্টা ব্যর্থ হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের(বিএসপিএ) আয়োজনে ‘কায়সার সিনহা সংগঠক সম্মাননা’ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল। প্রধান অতিথির বক্তব্য নাজমুল বলেছেন, ‘আমি ঢাকার বাইরে ছিলাম। নানা কাজে অনেক ব্যস্ত থাকলেও কায়সার ভাইয়ের অনুষ্ঠানে না এসে পারলাম না।

আমি একবার বিদেশে গিয়েছিলাম। তখন আমার অনুপস্থিতিতে কে সিদ্ধান্ত নেবে, এ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। আমি সবাইকে বলে দিয়েছিলাম, কায়সার ভাই যা বলবেন সেটাই আমার সিদ্ধান্ত। এতটাই তিনি আস্থাভাজন ছিলেন। এমন একটা আয়োজনের জন্য কায়সার ভাইয়ের পরিবার ও বিএসপিএকে ধন্যবাদ। অনুষ্ঠান শেষে সংবাদকর্মীরা নাজমুলের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু আরেকবার সংবাদমাধ্যমকে এড়িয়ে গেছেন বিসিবি সভাপতি। হতে পারে উত্তপ্ত পরিস্থিতিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিবেশ আর ভারী করতে চাচ্ছেন না নাজমুল। অথবা বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের আগে দুই সেরা তারকা মুখোমুখি অবস্থানে বিরক্ত বিসিবি সভাপতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।