কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের ব্রাহ্মসমাজ সড়ক হতে মিছিলটি বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আফজাল হোসেন খান পলাশ ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এদিকে মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব হয়ে জনতা ব্যাংকের মোড়ে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেড দেয়। এসময় সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই কালো পতাকা মিছিল বের করা হয়।





