ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্তকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে তাদের সদস্যপদও বাতিল করা হয়েছে।
রোববার জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় প্রেসক্লাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়রা গত ১০ আগস্ট জাতীয়প্রেস ক্লাবে এসে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবরে পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দীকি সোমাকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ (ক) ও ৩৪ মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হলো।
ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর খ(১) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ সভাপতি এবং যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।





