Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized

প্রেমিকার বিয়ের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 06 Aug 2026, 08:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রেমিকার বিয়ের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রেমিকার বিয়ের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক বিদায়বার্তা পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই সিরাজগঞ্জের কামারখন্দে রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরের পর উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে। ফেসবুকে তিনি 'SM Rakib Khan' নামে পরিচিত ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্প্রতি ওই তরুণীর বিয়ের দিন নির্ধারণ হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু পরিবারের সিদ্ধান্তে মেয়েটির অন্যত্র বিয়ে হচ্ছে। তিনি আরও লেখেন, প্রিয় মানুষটিকে না পেলে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। একই পোস্টে নিজের মৃত্যুর জন্য ওই তরুণীর বাবা-মাকে দায়ী করে তাদের পরিচয়ও উল্লেখ করেন।

 

এর কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্টে রাকিব নিজের বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে লেখেন, কাউকে কিছু না জানিয়েই তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন। সবাইকে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বিদায়বার্তা দেন।

স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন জানান, রাকিব শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন। স্কুলজীবনে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি বিদেশে গেলেও প্রত্যাশিত কাজ না পেয়ে দেশে ফিরে আসেন। এরপর খেলাধুলাসহ স্থানীয় বিভিন্ন কর্মকাণ্ডে সময় কাটাতেন। সম্প্রতি প্রেমিকার বিয়ের খবর পেয়ে মেয়ের পরিবারকে রাজি করানোর চেষ্টা করেছিলেন বলেও স্থানীয়ভাবে জানা যায়। তবে বিয়ের দিন মানসিক আঘাত সহ্য করতে না পেরে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

 

এ ঘটনায় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।