নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির ১৪ জন শ্রমিক-কর্মচারী দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় ক্রোনী অ্যাপারেলস লিমিটেড নামে কারখানাটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মেহেদী হাসান, জাকির হোসেন, মো. কামরুল, মো. মাহবুব, মো. শফিক, মো. মনির (২৮), মো. সামছু মিয়া, মো. রিপন, মো. রুবেল মিয়া, জিতু, পলাশ কান্তি, মো. মুকুল, মুকুল ও মিঠুন।
দগ্ধদের মধ্যে ১৩ জনকে বিকেলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
তিনি জানান, দগ্ধ ১৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন শঙ্কামুক্ত আছেন। তবে একজনকে আমরা পর্যবেক্ষণের জন্য বার্ন ইউনিটে ভর্তি করেছি। তার নাম জিতু। তার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
কামরুল হাসান নামে দগ্ধ এক ওয়েল্ডিং মিস্ত্রি বলেন, তারা কয়েকজন কারখানার ভেতর গেটের পাশে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। তখনই সিলিন্ডারের গ্যাস পাইপ ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটলে হঠাৎ আগুন ধরে যায়। কিছু সময়ের মধ্যেই আবার আগুন নিভে যায়। ওই সময় সেখান দিয়ে যাতায়াত করা কারখানাটির কয়েকজন শ্রমিক-কর্মচারী সামান্য দগ্ধ হন।
কারখানাটির অডিট কর্মকর্তা মো. সাব্বির হোসেন জানান, ঘটনার পরপরই দগ্ধদের দ্রুত বার্ন ইনস্টিটিউটে আনা হয়। সবাই কারখানাটির বিভিন্ন সেকশনে কাজ করেন।





